
যারা নৌকার বাইরে ভোট করবেন তাদের অস্তিত্ব থাকবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন লক্ষ্মীপুর- ৩ (সদর) আসনের চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী। তিনি বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করা লোকজনকে ‘জারজ সন্তান’ বলেও সম্বোধন করেছেন।
বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় সদর আসনের নৌকা প্রার্থীর পক্ষে পৃথক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নৌকা বিরোধীদের উদ্দেশে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
তিনি বলেন, যারা বিদ্রোহী প্রার্থী ট্রাক মার্কার ভোট করবেন তাদের আমি আপনাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, পার্শ্ববর্তী গ্রাম-ইউনিয়ন আমার। আমি সবাইকে চিনি। যারা নৌকার বাইরে ভোট করবেন তাদের অস্তিত্ব থাকবে না ৭ জানুয়ারির পর। নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, যারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেন, তারা যদি নৌকার বাইরে ভোট করেন, বিদ্রোহী প্রার্থীর পক্ষে ভোট করেন, তাদেরকে আমি বলব- তারা জারজ সন্তান, মানুষের সন্তান নয়।
সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া বাজার ও কামারহাটে পৃথক এই পথসভা করা হয়।
এ সময় চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব ও থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লক্ষ্মীপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, নৌকার প্রার্থীর প্রতিনিধি যদি এসব কথা বলে থাকেন, তাহলে এই বক্তব্য উসকানিমূলক। এটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। লিখিত বা সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, লক্ষ্মীপুর-৩ আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য গোলাম ফারুক পিংকু নৌকার প্রার্থী। তার শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন রাজধানীর মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ সাত্তার (ট্রাক প্রতীক)।




