
গাজীপুরের কালিয়াকৈরে ৭ জানুয়ারির নির্বাচনকে ডামি নির্বাচন দাবি করে সেটি বর্জন ও অসহযোগ আন্দোলনে জনমত তৈরিতে গাজীপুরে লিফলেট বিতরণ করেছে গাজীপুর জেলা যুবদল ও কালিয়াকৈর বিএনপি।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে গাজীপুরের কালিয়াকৈরে বিভিন্ন স্থানে গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসনাত মোহাম্মদ রায়হান ও কেন্দ্রীয় কৃষক দলের ভিপি ইব্রাহীমের নেতৃত্বে এ কর্মসূচি হয়েছে।
এ সময় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা জনসাধারণের হাতে লিফলেট তুলে দেন। পাশাপাশি নির্বাচন বাতিল করে নির্দলীয় সরকারের অধীন নির্বাচনসহ অসহযোগ আন্দোলনে সবাইকে অংশ নেওয়ার আহ্বানে বিভিন্ন স্লোগান দেন তারা।
এতে অংশ নেন কালিয়াকৈর উপজেলা বিএনপি সহসভাপতি বাবু অরুন প্রসাদ মজুমদার, কালিয়াকৈর উপজেলা যুবদলের নেতা রুবেল আহমেদ রাজু মিয়াসহ আরও অন্যান্য নেতাকর্মীরা।




