
আমি যেহেতু প্রধানমন্ত্রীর আস্থাভাজন, তোমাদের সাংবাদিকতায় কিছু আসে যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির বহিষ্কৃত ভাইস চেয়ারম্যান ও দ্বাদশ সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহজাহান ওমর। তিনি সাংবাদিকদের ‘সাংঘাতিক’ বলেও বিদ্রূপ করেছেন।
বুধবার (২৭ ডিসেম্বর) রাজাপুর বাইপাস মোড়ে নৌকার প্রধান নির্বাচনী কার্যালয়ে কর্মী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, কেন্দ্রে নিজেরা ঝগড়াঝাঁটি বা মারামারি করবেন না। নিজেরা নিজেরা ঝগড়াঝাঁটি করলে রিপোর্ট হয়। দেখেন না, গত পরশু স্কুলশিক্ষকদের সামনে আমি বক্তব্য দিলাম, অথচ পেপারে এসেছে আমি শিক্ষকদের মিটিংয়ে থাকতে বাধ্য করেছি।
তিনি বলেন, এই যে সাংঘাতিক (সাংবাদিক) আছে না। তারা এতই সাংঘাতিক, সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বলে প্রচার করে। এখানে কি কোনো সাংঘাতিক (সাংবাদিক) আছো নাকি? আমি যেহেতু প্রধানমন্ত্রীর আস্থাভাজন, তোমাদের সাংবাদিকতায় আমার কিছু আসে যায় না।
এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট সঞ্জীব কুমার বিশ্বাস, রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট খায়রুল আলম সরফরাজ এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চুসহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।




