
পাবনা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদের নির্বাচনী প্রচারণায় আবারও হামলার অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে। আজ দুপুরে সাঁথিয়ার সিলন্দা বাজারে এ হামলার ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, স্বতন্ত্র প্রার্থীর প্রচারণার খবর আমাদের আগে থেকে জানানো হয়নি। হামলার খবর জানার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজনা থামায়। তবে হামলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি ওসির।
স্বতন্ত্র প্রার্থীর সমর্থক, সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার জানান, দুপুরে সাঁথিয়া উপজেলার কয়েকটি গ্রামে গণসংযোগের উদ্দেশ্যে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদসহ নেতাকর্মীরা গাড়ি বহর নিয়ে যাচ্ছিলেন। এ সময় সেলন্দা বাজারে নৌকা প্রতীকের সমর্থক নাগডেমরা ইউনিয়ন ছাত্রলীগ নেতা রুবেলের নেতৃত্বে লাঠিসোটা নিয়ে পথরোধ করে। তারা আমাদের উপর ইট পাটকেল ছোড়ে ও কয়েকজনকে মারপিট করে প্রচারণা বন্ধ করতে হুমকি দেয়। পুলিশ খবর পেয়ে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উদ্ধার করে।
৬৮, পাবনা- ১(সাঁথিয়া-বেড়া) আসনে নৌকার প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর মোবাইলে যোগাযোগ করলে তার একান্ত সচিব মামুন জানান, স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা নৌকার সমর্থকদের ওপর হামলা করেছে বলে শুনেছি।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী ড. অধ্যাপক আবু সাইয়িদ বলেন, আমার গাড়ি বহরে হামলা চালিয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সাঁথিয়া থানা পুলিশকে জানিয়েছি।




