
প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সুষ্ঠু নির্বাচনের সে আলোকে প্রশাসন নিরপেক্ষ হয়েছে বলে মন্তব্য করেছেন তৃণমূল বিএনপির মহাসচিব ও নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ রূপসী এলাকায় গণসংযোগ ও নির্বাচনী প্রচারণার সময়ে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সে আলোকে এখন পর্যন্ত প্রশাসন নিরপেক্ষ রয়েছে। তবে তারা নিরপেক্ষ থাকবে কি না, সেটা আগামী ৭ তারিখ বলা যাবে।
তিনি বলেন, মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। মানুষ ঘর থেকে বেরিয়ে আসছে। আগে যেমন ভয় ছিল, চোখ রাঙানি ছিল ও এমপিদের লিস্ট অনুযায়ী গ্রেপ্তার করা হতো, এখন সেটা নেই।
তৈমুর আলম খন্দকার দাবি করেন, দেশে শাসন আছে সুশাসন নেই। শাসন সরকারি দলের জন্য একরকম বিরোধী দলের জন্য আরেক রকম। বিএনপি নেতাকর্মীরা আমার সঙ্গে আছেন। সিটি করপোরেশন নির্বাচনের সময় অনেক বিএনপি নেতা অব্যাহতি পেয়েছেন। বড় বড় নেতারা বুঝে একরকম স্থানীয় জনগণ বোঝে আরেক রকম।
তৃণমূল বিএনপির মহাসচিব বলেন, স্থানীয় জনগণ তাদের সমস্যার সমাধান এবং তাদের নিরাপত্তা খোঁজে। বড় বড় নেতারা শুধু ক্ষমতায় যাওয়ার চিন্তা করে। আর স্থানীয় জনগণ তাদের নিরাপত্তা দেয়। কে সম্পত্তি গ্রাস করে খায় আর কে সম্পত্তি দান করে এটাও বোঝে। আমি সুষ্ঠু নির্বাচন চেয়েছি। প্রধানমন্ত্রীর সঙ্গে যখনই সাক্ষাৎ হয়েছে তখনই বলেছি, সুষ্ঠু নির্বাচন দিন। আমি মনে করি মানুষের বিবেক জাগ্রত হবে।




