
রাজশাহী-৪ (বাগমারা) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নানা ষড়যন্ত্র ও নির্বাচন বাতিলসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী কাঁচি প্রতীকের ইঞ্জিনিয়ার এনামুল হক, এমন মন্তব্য করেছেন নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
শুক্রবার (২৯ ডিসেম্বর) গনিপুর ইউনিয়নে গণসংযোগকালে এমন অভিযোগ তুলেন তিনি।
এ সময় তিনি দাবি করে বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও সন্ত্রাসী ভাড়া করে নির্বাচনী মাঠে উত্তাপ ছড়ানোসহ প্রচার প্রচারণায় বাধা প্রদান করছেন স্বতন্ত্র প্রার্থী এনামুল। তিনি নির্বাচনী মাঠে কালো টাকা দিয়ে ভোট ক্রয়ের চেষ্টা করছেন।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনো অপশক্তি নৌকার বিজয় ঠেকাতে পারবে না৷ বাগমারায় নৌকার জয় সুনিশ্চিত। নৌকার পক্ষে বাগমারার জনস্রোত সৃষ্টি হয়েছে। নৌকার মাঝি পরিবর্তনের মধ্য দিয়ে এ আসনের সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হয়েছে অনেক আগেই। এবার তারা আসন্ন ৭ জানুয়ারিতে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করা অপেক্ষায় রয়েছে। নৌকার বিজয় সুনিশ্চিত জেনে স্বতন্ত্র প্রার্থী নানা কূটকৌশল অবলম্বন করছে। জনপ্রিয়তা হারিয়ে এখন সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী।
এদিকে রাজশাহী-৪ বাগমারা আসনে ভোটের প্রচারণা করে ব্যস্ত সময় পার করছেন গত তিনবারের সংসদ সদস্য এনামুল হক এমপি। দলীয় প্রতীক না পেলেও এবার তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাঁচি প্রতীকে ভোট করছেন।
প্রতিদিন তার কর্মী সমর্থককে সঙ্গে নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি ছুটে যাচ্ছেন এনামুল হক।




