
নাশকতার মামলায় সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও দলের পৌর কমিটির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে তাকে শহর থেকে গ্রেপ্তার করা হয়।
নোমান সুনামগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। পৌর শহরের হাসননগর এলাকার বাসিন্দা।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। তাকে আগামীকাল আদালতে সোপর্দ করা হবে।
দলীয় সূত্রে জানা গেছে, ২৮ অক্টোবরের পর এ পর্যন্ত সুনামগঞ্জে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে জেলার সাত উপজেলায় ১৮টি মামলা হয়েছে। এসব মামলায় নামোল্লেখ ও অজ্ঞাত আসামি আছেন এক হাজারের ওপরে। এ পর্যন্ত গ্রেপ্তার আছেন ৬০ জনের বেশি। বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে দায়ের করা সব মামলার বাদী পুলিশ। বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা এসব মামলায় আসামি হলেন এক হাজার ৮৯ জন। এর মধ্যে নামোল্লেখ আছে ৪২৩ জনের। বাকি ৬৬৬ জন অজ্ঞাত আসামি। এসব মামলার মধ্যে সদর মডেল থানায় সাতটি, ছাতক থানায় দুটি, তাহিরপুর থানায় দুটি, শান্তিগঞ্জ থানায় দুটি, দোয়ারাবাজার, শাল্লা, ধর্মপাশা, বিশ্বম্ভরপুর ও দিরাই থানায় একটি মামলা হয়েছে।
দলীয় সূত্রে আরও জানা গেছে, এসব মামলায় জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক নূরুল ইসলামসহ বিএনপির আরও কয়েকজন শীর্ষ নেতা, জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক আসামি আছেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম তিনটি মামলার আসামি। একটি মামলায় আসামি আছেন দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরীও।




