
সুন্দরবনের শিবসা নদীতে ১ হাজার ৪২২ টন সিমেন্টের কাঁচামালবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান এলাকায় এমভি গারেহেরা-৪ নামের ওই লাইটার জাহাজটি তলা ফেটে নদীতে ডুবে যায়।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন উপজেলার নলিয়ান নৌ থানা পুলিশের পরিদর্শক তারক চন্দ্র নাথ।
তিনি জানান, এমভি গারেহেরা-৪ নামক লাইটার জাহাজটি শিবসা নদীর নলিয়ান এলাকায় ডুবোচরে আটকা পড়ে। খবর পেয়ে নৌ পুলিশের একটি দল সেখানে গিয়ে জাহাজটির ১২ নাবিককে উদ্ধার করেছে। শিবসা নদীতে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান নৌ থানা পুলিশের এ কর্মকর্তা।
উল্লেখ্য, ডুবে যাওয়া জাহাজটি ভারতের ভজভজ এলাকা থেকে ১৪২২ টন ফ্লাইঅ্যাশ (সিমেন্টের কাঁচামাল) বোঝাই করে বাংলাদেশের ঘোড়াশাল এলাকায় অবস্থিত একটি সিমেন্ট কারখানায় যাচ্ছিল।




