
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের স্বতন্ত্র প্রার্থী সাখাওয়াত হোসেন সুইটের নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে হামলার অভিযোগ উঠেছে নৌকার প্রার্থী অধ্যাপক ডা. আব্দুল আজিজের সমর্থকদের বিরুদ্ধে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে তাড়াশ উপজেলার কুন্দইল গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
স্বতন্ত্র প্রার্থী সাখাওয়াত হোসেন সুইট অভিযোগ করে বলেন, আজ বিকেলে কুন্দইলে আমি কর্মী ও সমর্থকদের নিয়ে তার ঈগল প্রতীকের পক্ষে গণসংযোগ করছিলাম। এ সময় কুন্দইল বাজারে পৌঁছালে অতর্কিতভাবে নৌকা প্রতীকের কর্মী-সমর্থকরা হামলা চালিয়ে আমাদের মারপিট করে।
এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থী সাখাওয়াত হোসেন সুইটসহ অন্তত ৫ জন কর্মী ও সমর্থক আহত হয়। খবর পেয়ে তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে তাড়াশ থানার ওসি নজরুল ইসলাম জানান, নির্বাচনী প্রচারণার সময় কুন্দইল বাজারে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিবেশ স্বাভাবিক রয়েছে।




