
নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের বেগমগঞ্জে আওয়ামী লীগের প্রার্থী মামুনুর রশীদ কিরণ ও স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের মিনহাজ আহমেদ জাবেদের সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় এটিএন বাংলার গাড়ি হামলা ও ভাঙচুর করা হয়। এতে এটিএন বাংলার ক্যামেরাপার্সন এহসানুল গনি স্বজনসহ আহত হয়েছেন অন্তত ৮ জন।
শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের গাবুয়া বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা সূত্রে যায়, গাবুয়া বাজারে পথসভার আয়োজন করে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের মিনহাজ আহমেদ জাবেদের অনুসারীরা। এতে নেতৃত্ব দেন একলাশপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেদুর রহমান দিপু। এ সময় নৌকার সমর্থক সাকিব নামের এক ছেলেকে মারধর করেন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। ফলে উত্তেজনা সৃষ্টি হয়।
এর জের ধরে পরবর্তীতে সন্ধ্যা ৭টার দিকে গাবুয়া বাজারে আওয়ামী লীগের প্রার্থী মামুনুর রশীদ কিরণ ও স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের মিনহাজ আহমেদ জাবেদের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
সংঘর্ষের মধ্যে এটিএন বাংলার গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। এতে এটিএন বাংলার ক্যামেরাপার্সন এহসানুল গনি স্বজনসহ অন্তত ১০ জন আহত হন। গাড়িতে আরও ছিলেন, এটিএন বাংলার স্টাফ রিপোর্টার নাজিবুর রহমান ও এটিএন নিউজের নোয়াখালী প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহান। তারা অল্পের জন্যে রক্ষা পান।
ঘটনার পরপরই সহকারী পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) রাজীব হাসান, বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জেলা পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান জানান, দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হামলাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।




