
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পুরো রাজশাহী বিভাগে ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এরমধ্যে শুধু রাজশাহী জেলায় ২২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।
শুক্রবার (২৯ ডিসেম্বর) এ তথ্য জানায় সংস্থাটি।
জানা যায়, রাজশাহী সিটি করপোরেশন এলাকা নিয়ে গঠিত রাজশাহী-২ সদর আসনে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া রাজশাহী-৩ আসনে ৩ প্লাটুন, রাজশাহী-৪ আসন বাগমারা উপজেলায় ৩ প্লাটুন, পুঠিয়া-দুর্গাপুর নিয়ে গঠিত রাজশাহী-৫ আসনে ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
অপরদিকে, চারঘাট-বাঘা নিয়ে গঠিত রাজশাহী-৬ আসনে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এবং রাজশাহী-১ আসনে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
রাজশাহী জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সাবিহা সুলতানা বলেন, রাজশাহী ছয়টি আসনে ২২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও সুন্দর রাখতে বিজিবি কাজ করবে। তারা রাজশাহীর সংসদীয় ছয়টি আসনে টহল দেবে।




