
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম বলেছেন, যারা ভোটে বাধা দেওয়ার কথা বলে, সেই দলের (বিএনপি) লোকেরাও নৌকা প্রতীকে ভোট দেবে। বিগত নির্বাচনগুলোর চেয়ে এবার মানুষ আরও বেশি উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দেবে।
শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বাহেরচর ইউনিয়নের বাহেরচর গ্রামে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি।
সাবেক সেনা কর্মকর্তা তাজুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের চারবারের সংসদ সদস্য। টানা পঞ্চমবারের মতো এবারও এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি।
তাজুল ইসলাম বলেন, একটি প্রাণীও জন্ম নেয়নি বাঞ্ছারামপুরের মানুষকে ভোট দেওয়া থেকে বিরত রাখবে। যারা বাধার কথা বলে তারাও নৌকায় ভোট দেবে। ঐক্যবদ্ধ বাঞ্ছারামপুর গড়ার জন্য আমি যে প্রচেষ্টা চালিয়েছি, তারই প্রতিফলন এটি। কারণ আমার ওপর যে অত্যাচার করেছে, আমি তার ওপর প্রতিশোধ নেইনি। বাঞ্ছারামপুরে বিএনপির যারা আছেন, তাদের অনেকেই আমাকে ভোট দেবে। হয়তো কিছু এদিক-সেদিক হবে।
তিনি আরও বলেন, আমরা গত ১৫ বছরে বিএনপির নেতাকর্মীদের ওপর কোনো হামলা করিনি, মামলা করিনি। তাদের আমরা সম্মান দিয়েছি। তাই আমাদের প্রতি তাদের কোনো বিদ্বেষ নেই। বাঞ্ছারামপুরের স্বার্থে আমরা সবাই এক। বাঞ্ছারামপুরে অনেক ব্রিজ হয়েছে, এখানে তো লেখা থাকবে না যে এটার ওপর দিয়ে আওয়ামী ছাড়া অন্য কেউ হাঁটতে পারবে না। তাই রাজনৈতিক মতবিরোধ থাকলেও উন্নয়নের স্বার্থে সবাই নৌকায় ভোট দেবে।
বাহেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ মোল্লার সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি, বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, বাঞ্ছারামপুর পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন প্রমুখ।




