
সিলেটের গোয়াইনঘাটের বিছানাকান্দি সীমান্তে খাসিয়াদের গুলিতে কাওছার আহমদ নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
যুবকের মৃত্যুর বিষয়টি শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ওসি রফিকুল ইসলাম।
স্থানীয়রা জানান, কাওছার আহমদ গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি ইউনিয়নের বাগাইয়া দক্ষিণপাড়া গ্রামের রুসন আলীর ছেলে। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার বিছানাকান্দি সীমান্তের কাছে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার দক্ষিণ পাড়ার কাওছার আহমদ চোরাই পথে ভারতীয় চিনি আনার জন্য ভারত সীমানা অতিক্রম করেন। এ সময় ওই এলাকার একটি বাগানের পাহারাদার কাওছারকে লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। কাওছারের সঙ্গে থাকা অপর যুবক মোটরসাইকেলে করে মরদেহ বাড়িতে নিয়ে আসেন।
গোয়াইনঘাট থানার ওসি রফিকুল ইসলাম জানান, বিছানাকান্দি সীমান্তে যুবকের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে পুলিশ ঘটনাটি তদন্ত করছে।




