
নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সেলিম ওসমানের নির্বাচনী প্রচারে সম্পৃক্ত থাকার অভিযোগে বিএনপির ৬ নেতাকে বহিষ্কার করেছে দলটি।
শনিবার (৩০ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রাথমিক সদস্যপদসহ তাদের দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত নেতারা হলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আতাউর রহমান মুকুল, ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু, বন্দর উপজেলা বিএনপি নেতা হান্নান, সুলতান আহম্মেদ, গোলাম নবী মুরাদ ও সোনারগাঁ থানার ১৩ নম্বর ওয়ার্ড বিএনপিরসহ সভাপতি মো. নুরুজ্জামান।
এ বিষয়ে বিএনপি নেতা আতাউর রহমান মুকুল বলেন, বহিষ্কারের চিঠি পেয়েছি। কেন্দ্র মনে করেছে বহিষ্কার করার দরকার তাই করেছে। আবার যখন দরকার মনে করবে তখন নিয়ে নেবে।
উল্লেখ্য, ২৬ ডিসেম্বর নারায়ণগঞ্জের বন্দরের সমরক্ষেত্রে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী সেলিম ওসমানের নির্বাচনী সমাবেশে বন্দর থানা বিএনপির আহ্বায়ক হান্নান সরকার, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সুলতান আহমেদ ও যুগ্ম-আহ্বায়ক গোলাম নবী মুরাদ উপস্থিত ছিলেন।




