
নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে ডাব প্রতীকের প্রার্থী বাংলাদেশ কংগ্রেসের আবু নাছের ওয়াহেদ ফারুকের নির্বাচনী গণসংযোগে হামলা করেছে ছাত্রলীগ।
শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নের দশগরিয়া বাজারে নির্বাচনী গণসংযোগ চালাতে গিয়ে এ হামলার শিকার হন ডাব প্রতীকের প্রার্থীসহ উপস্থিত সমর্থকরা।
পুলিশ অভিযোগ পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে স্থানীয় পরকোট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাবিব আদনান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাফিকে আটক করে থানায় নিয়ে যায়।
ডাব প্রতীকের প্রার্থী বাংলাদেশ কংগ্রেসের আবু নাছের ওয়াহেদ ফারুক বলেন, ছাত্রলীগের পরকোট ইউনিয়নের সভাপতি হাবিব আদনান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাফির নেতৃত্বে শনিবার সন্ধ্যায় ৮-১০ জন মিলে লাঠিসোটা নিয়ে এ হামলা করে। এতে অনেকেই হতাহত হয়।
চাটখিল থানার ওসি মুহাম্মদ ইমদাদুল হক বলেন, আমরা প্রার্থীর কাছ থেকে অভিযোগ পাওয়ার পর পরই সেখানে অভিযান চালিয়ে দুজনকে আটক করেছি। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে শুক্রবার (২৯ ডিসেম্বর) ঈগল প্রতীকের প্রার্থী খন্দকার রুহুল আমীন চাটখিল উপজেলার পাঁচগাও ইউনিয়নে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে হামলার শিকার হন।




