
টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে এক মঞ্চে একে অপরের জন্য ভোট চেয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী ও স্বতন্ত্র প্রার্থী বড় লতিফ সিদ্দিকী।
রোববার (৩১ ডিসেম্বর) বিকেলে জেলার কালিহাতীর বল্লা উচ্চ বিদ্যালয় মাঠে আব্দুল লতিফ সিদ্দিকীর ট্রাক প্রতীকের নির্বাচনী জনসভায় এ ভোট প্রার্থনা করেন তারা।
জনসভায় প্রধান অতিথি ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।
বড় ভাইয়ের জন্য ভোট চেয়ে তিনি বলেন, এই গণতান্ত্রিক যুদ্ধে লতিফ সিদ্দিকীর ট্রাক মার্কার বিজয়ের মধ্য দিয়ে শুরু হবে আবার নতুন ইতিহাস। আপনারা ভোটাররা নির্বিঘ্নে ভোট দিবেন। ভোট যদি কেউ চুরি করতে আসে, সেটা ফেরানোর দায়িত্ব আমার। আমি ফেরাব।
স্বতন্ত্র প্রার্থী লতিফ সিদ্দিকী বলেন, আমাকে নির্বাচনে দাঁড়াতে হয়েছে। এই দাঁড়ানোর পেছনে আমার গুণীজনদের অনুপ্রেরণা রয়েছে। এই নির্বাচনে যদি আমি হেরে যাই, তাহলে বঙ্গবীর কাদের সিদ্দিকী হারবে এবং জনতা হারবে।
তিনি বলেন, আমার এতো বছরের রাজনীতিকে কিছু ষড়যন্ত্রকারী কলঙ্কিত করে দিয়েছিল। এবারের জয় হবে ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে উচিত জবাব। এ সময় তিনি ছোট ভাই কাদের সিদ্দিকীর গামছা প্রতীকের জন্যও ভোট প্রার্থনা করেন।
জনসভায় লতিফ সিদ্দিকীর সহধর্মিণী সাবেক সংসদ সদস্য লায়লা সিদ্দিকী, ছোট ভাই কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় সদস্য মনসুর আহমেদ আজাদ সিদ্দিকীসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।




