
রংপুর ও আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ১।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর ২টা ৩ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়, যা ২৭ সেকেন্ড স্থায়ী ছিল।
রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রংপুর মহানগর থেকে দূরে সদর উপজেলা এলাকায় এ ভূমিকম্পের কেন্দ্রস্থল। উৎপত্তিস্থল বিবেচনায় এটি রংপুরের ইতিহাসে প্রথমবারের মতো কোনো ঘটনা। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ১। তবে ভূমিকম্পের ঘটনায় কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে গত ৬ সেপ্টেম্বর রাত ৮টা ২৮ মিনিটে রংপুরে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪ দশমিক ১।
আরটিভি/এএএ/এস




