
চুয়াডাঙ্গায় জেলা যুবদলের আহ্বায়ক ও বিএনপি-জামায়াতের ৯ নেতাকর্মীসহ ৩৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত থেকে আজ বুধবার দুপুর পর্যন্ত জেলার চার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ বুধবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার দুপুর পর্যন্ত জেলার চার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাশকতা ও নাশকতার চেষ্টাসহ বিভিন্ন মামলার ৩৯ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরমধ্যে চুয়াডাঙ্গা সদর থানা ৭ জন, দামুড়হুদা মডেল থানা ৯ জন, জীবননগর থানা ১৩ জন ও আলমডাঙ্গা থানা পুলিশ ১০ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে জেলা যুবদলের একাংশের আহ্বায়ক খালিদ মাহমুদ মিল্টনসহ ৯ জন বিএনপি ও জামায়াতের নেতাকর্মী এবং বাকীরা বিভিন্ন মামলার আসামি।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলার পুলিশ সুপার মাহবুবুর রহমান। তিনি জানান, খালেদা জিয়ার রায়কে ঘিরে এই অভিযান চালানো হচ্ছে।
এসএস



