
নারায়ণগঞ্জের ফতুল্লায় আবুল কাশেম চৌধুরী (৬০) নামে এক কারখানার নৈশপ্রহরীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
নিহতের পরিবারের দাবি, মালিকের কাছে পাওনা টাকা চাওয়ায় তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ কারখানার মালিক সেলিম পাঠানকে আটক করেছে।
শনিবার সকালে সদর উপজেলার ফতুল্লা থানার দেলপাড়া এলাকায় স্টার প্যাকেজিং কারখানায় এ ঘটনা ঘটে। আবুল কাশেম ওই কারখানার নৈশপ্রহরী ছিলেন।
এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান, আবুল কাশেম শুক্রবার রাত সাড়ে আটটার দিকে কারখানায় যায়। সকালে আর বাড়ি ফিরেননি তিনি। আজ শনিবার সকাল নয়টার দিকে কারখানার মালিকের ভাইসহ দুইজন বাসায় গিয়ে তার খোঁজ করলে পরিবারের স্বজনদের সন্দেহ হয়। পরে কারখানার একটি রুমের তালা ভেঙে আবুল কাশেমের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের পরিবারের অভিযোগ, গত তিন চার মাস আগে থেকেই আবুল কাশেমকে কারখানার লোকজন হত্যার হুমকি দিয়ে আসছিল। তাদের দাবি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
ফতুল্লা মডেল থানার ওসি মো. কামালউদ্দিন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তার চোখ ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মালিক সেলিম পাঠানকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে।
আরও পড়ুন:
এসএস



