
ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বেজগাঁও বাস স্টপেজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, দুর্ঘটনার সংবাদ পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
তিনি জানান, গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের পেছনে সাদ আবদুল্লাহ পরিবহনের আরেকটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে বাসে থাকা ৭ জন যাত্রী আহত হন। আহতদের ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য এক্সপ্রেসওয়ের ওই অংশে যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
আরটিভি/কেএইচ



