
জামালপুরে মুড়ি পার্টিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে জিহাদ (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় জিহাদকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জিহাদ সদর উপজেলার গহেরপাড়া গ্রামের ফিরুজ আহমেদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাগরিবের নামাজের পর জিহাদের এক আত্মীয়ের নতুন বাড়ির পাশে মুড়ি পার্টির আয়োজন করা হয়। এ সময় মুন্না ও সাইদ নামের দুই তরুণের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এর মধ্যেই মুন্না হঠাৎ জিহাদের পেছন থেকে গিয়ার চাকু দিয়ে আঘাত করে।
নিহত জিহাদের চাচাতো ভাই সাকিব বলেন, ছুরিকাঘাতে গুরুতর আহত জিহাদকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। তিনি ঘটনার সঙ্গে জড়িত মুন্না ও সাইদকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এএএ



