
ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেয়া শতাধিক শিক্ষার্থী যোদ্ধা ছাত্রদলে যোগ দিয়েছেন। এ সময় কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল গণঅভ্যুত্থানে অংশ নেয়া জুলাই যোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেন।
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের শিল্পকলা একাডেমি চত্বরে আয়োজিত অনুষ্ঠানে জুলাই যোদ্ধারা ছাত্রদলে যোগদান করেন।
পরে জুলাই-গণঅভ্যুত্থানে নিহত ছাত্র-জনতা ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে ও সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, ছাত্ররা না এগোলে জুলাই-গণঅভ্যুত্থান হতো না। এ ফ্যাসিস্ট সরকারেরও পতন হতো না। তারা সাহসিকতার পরিচয় দিয়েছে। মূলত ছাত্ররা নেতৃত্বে এগিয়ে এসেছিল পরবর্তীতে ফ্যাসিস্ট বিরোধী যত শক্তি আছে সবাই নেপথ্যে থেকে ছাত্রদের সহায়তা করেছে। ছাত্রদলের নেতৃবৃন্দরাও নেপথ্যে থেকে অনুপ্রেরণা যুগিয়েছে ও সহায়তা করেছে। আগামীদিনে জুলাই-গণঅভ্যুত্থানের চেতনাকে ধরে রাখতে হবে।
তিনি বলেন, তবে বাস্তবতা হলো যে চেতনা নিয়ে জুলাই-গণঅভ্যুত্থান হয়েছিলো সেই চেতনা আজ ম্লান হয়ে যাচ্ছে। প্রশাসন থেকে শুরু সব জায়গাই ফ্যাসিস্টদের বাস্তবতায় ফিরে এসেছে। ফ্যাসিস্টরা যে কাজ করে গিয়েছে সেগুলোর যেন পুনরাবৃত্তি না হয় সেদিকে আমাদের কাজ করত হবে। কারণ এ অভ্যুত্থান পাওয়া ও জয়লাভ করা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। তিনি বলেন, বিপ্লবী শিক্ষার্থীরা যারা ছাত্রদলে যোগ দিয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে ছাত্রদলকে পুরনো ধ্যাচ থেকে একটি নতুন আঙ্গিকে সময়োপযোগী ছাত্রদলে পূরণ করব।
তিনি আরও বলেন, অন্তবর্তীকালীন সরকার যে সংস্কারের কথা বলছেন সেই সংস্কার বিএনপির চেয়ারম্যান ২০২৩ সালের ১৩ জুলাই ৩১ দফার সংস্কারের দাবি প্রস্তুত করেছেন। তার মানে বুঝায় রাষ্ট্রগঠনের তার চিন্তা-ভাবনা সময়োপযোগী।
অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাইনুল হোসেন চপলের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাজিদুর রহমান, সাবেক সহসভাপতি মোকাররম হোসেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জুলাই গণঅভ্যুত্থানে জেলায় বৈষম্যবিরোধী ছাত্রদের অন্যতম সংগঠক মোহাইমিনুল আজবীন, জুলাই-গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থী আশীষ ভৌমিক ও তন্নী আক্তার, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহিম উদ্দিন, ছাত্র সংগঠনক সৈয়দ মোহাম্মদ আলী প্রমুখ।
আরটিভি/ এমএ




