
টাঙ্গাইলের গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে জুনায়েদ (৮) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) বিকেলে উপজেলার ভাদাই গ্রামের মসজিদের পানির ট্যাংকি থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।
নিহত জিছান ভাদাই গ্রামের শফিকুল ইসলামের ছেলে এবং স্থানীয় সোনামুই প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থী ছিল।
মারা যাওয়া শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মায়ের সঙ্গে স্কুলে যায় জুনায়েদ। ক্লাস চলাকালে পানির তৃষ্ণা পেলে সে কাউকে কিছু না জানিয়ে পাশের একটি মসজিদের টিউবওয়েলে পানি পান করতে যায়। এ সময় অসাবধানতাবশত টিউবওয়েলসংলগ্ন একটি খোলা পানির ট্যাংকিতে পড়ে তলিয়ে যায় সে। দীর্ঘ সময় তাকে খুঁজে না পেয়ে এলাকায় মাইকিং ও তল্লাশি চালানো হয়। পরে বিকেল ৫টার দিকে ওই ট্যাংকির ভেতর থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। পরে দ্রুত চিকিৎসকের কাছে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ওই শিশুর অকাল মৃত্যুতে সহপাঠী ও শিক্ষকদের মধ্যে গভীর শোক বিরাজ করছে। একমাত্র সন্তানকে হারিয়ে বারবার জ্ঞান হারাচ্ছেন তার মা।
সোনামুই প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক আব্দুল হাকিম এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক ঘটনা।
এদিকে স্থানীয় বাসিন্দারা স্কুল, মসজিদসহ জনসমাগমপূর্ণ স্থানে খোলা পানির ট্যাংক ও হাউস দ্রুত ঢেকে রাখার দাবি জানিয়েছেন। তাদের মতে, অবহেলার কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটছে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতেও এমন প্রাণহানি ঘটতে পারে।
আরটিভি/এমএ


