
পটুয়াখালীর বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (১৪ জানুয়ারি) গভীর রাতে দ্বীপের ৫ নম্বর ওয়ার্ড এলাকার চর মিয়াজান বাজারে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গভীর রাতে এলাকাবাসী মোটরসাইকেলের শব্দ শুনতে পায়। এর কিছুক্ষণ পরে ইউনিয়ন বিএনপির মূল কার্যালয়ে আগুন দেখা যায়। পরে সবার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভায়।
আগুনে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ছবি ও ছবিসংবলিত ব্যানার, টেবিল-চেয়ারসহ আসবাবপত্র পুড়ে যায়।
চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বেল্লাল ব্যাপারী বলেন, প্রথমে ওই এলাকার বাসিন্দা ও জিয়া পরিষদের সভাপতি তৈয়ব আলী বুধবার রাত আনুমানিক ১২টার দিকে মোবাইলফোনে আমাকে দলীয় কার্যালয়ে আগুনের বিষয়টি জানায়। তার আগের দিন উপজেলায় রাজনৈতিক বিষয় নিয়ে মারামারি সংক্রান্ত একটি মামলার অভিযোগে সাংবাদিক সম্মেলন করা হয়েছিল। ওই কারণে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটাতে পারে।
তিনি আরও বলেন, জামায়াত এক সময় আমাদের সঙ্গে জোটবদ্ধ রাজনীতি করেছে। আসলে তাদের সঙ্গে বিরোধ নেই। কিন্তু এই চন্দ্রদ্বীপে ফ্যাসিস্ট সরকার আমলের আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীদের তাদের দলে আশ্রয় দিয়েছে। নির্বাচন সামনে রেখে এখন তারা নানা ধরনের অপকর্মে লিপ্ত হচ্ছে। বিএপির অফিসে আগুনের ঘটনা তারই অংশ।
এ বিষয়ে বাউফল থানার ওসি মো. সিদ্দিকুর রহমান গণমাধ্যমকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গেছে। আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/আইএম



