
আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ময়মনসিংহ ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের হরিপুর গ্রামে স্থানীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ শেষে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এ সময় এমরান সালেহ প্রিন্স যুব সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত থাকার আহ্বান জানান।
তিনি বলেন, হালুয়াঘাট ও ধোবাউড়ার সার্বিক উন্নয়নের স্বার্থে সবাইকে ব্যক্তিগত ও রাজনৈতিক বিভেদ ভুলে বৃহত্তর স্বার্থে এক কাতারে দাঁড়াতে হবে।
এর আগে, এদিন দুপুরে ধোবাউড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, মুক্তিযোদ্ধারা এ দেশের ইতিহাস, গৌরব ও আত্মমর্যাদার প্রতীক। আপনাদের ত্যাগের কারণেই আমরা স্বাধীন দেশে কথা বলার অধিকার পেয়েছি। সেই মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষাই আমার রাজনীতির মূল লক্ষ্য।
তিনি বলেন, মুক্তিযোদ্ধারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া মানুষ। একাত্তরে তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন বলেই অমরা স্বাধীন হয়েছি। ইনশাআল্লাহ ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ঘোষকের সন্তানকে প্রধানমন্ত্রী নির্বাচিত করার সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করবেন না।
ধোবাউড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্সের প্রতি প্রকাশ্যে সমর্থন ঘোষণা করেন ধোবাউড়া উপজেলার বীর মুক্তিযোদ্ধারা।
এছাড়া একইদিনে সকালে ধোবাউড়া উপজেলা সদরের ফকিরভিটায় সাবেক সংসদ সদস্য আফজাল খান সমর্থিত নেতাকর্মী ও সমর্থকদের উদ্যোগে আয়োজিত সমর্থন ও মতবিনিময় সভায় এমরান সালেহ প্রিন্স বলেন, দলের এই সংকটময় মুহূর্তে যারা ধানের শীষের বিরোধিতা করছেন, তারা নিজেদেরকে কখনও বিএনপির প্রকৃত কর্মী দাবি করতে পারেন না।
ময়মনসিংহ–১ (হালুয়াঘাট–ধোবাউড়া) আসনে বিএনপি মনোনীত এই প্রার্থী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আকস্মিক মৃত্যু এবং তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের এই গুরুত্বপূর্ণ সময়ে নির্বাচনে সহযোগিতা না করে যারা ধানের শীষের বিপক্ষে অবস্থান নিচ্ছেন, তারা দল ও আদর্শের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন।
সভায় আফজাল খান সমর্থিত বিপুলসংখ্যক নেতাকর্মী প্রকাশ্যে এমরান সালেহ প্রিন্সের প্রতি সমর্থন ঘোষণা করে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আরটিভি/আরএ


