
ঢাকার ধামরাইয়ে ডোবা থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ধামরাইয়ে জয়পুরা এলাকার ছোট কালিয়াকৈর ব্রিজের পাশে পরিত্যক্ত ডোবা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি দায়িত্বরত পুলিশের সদস্যরা।
পুলিশ জানায়, দুপুরে জয়পুরা এলাকায় ওই যুবকের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক বলেন, পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবকের মরদেহ ৫-৬ দিন আগে ডোবায় ফেলা হয়েছিল। তবে মরদেহ পচে যাওয়ায় তার শরীরে কোনো আঘাতে চিহ্ন রয়েছে কি না তা বোঝা যাচ্ছে না। কীভাবে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত প্রতিবেদনের মাধ্যমে জানা যাবে।
এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
আরটিভি/এমএইচজে/



