
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরের নির্বাচনি প্রচারণার ব্যানারে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় ও তেঁতুলিয়া থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) রাতে জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে ঘটনার প্রতিবাদ জানান পঞ্চগড়-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের নির্বাচনী এজেন্ট ও ছোট ভাই নওফেল জমির।
সংবাদ সম্মেলনে বলা হয়, পঞ্চগড় সদর থানাধীন ধাক্কামারা ইউনিয়নের যতনপুকুরী জামিয়া কারিমীয়া কেরাতুল কোরআন মাদরাসার সামনে পঞ্চগড় ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরের একটি নির্বাচনী ব্যানারে শনিবার (৩১ জানুয়ারি) রাতে অজ্ঞাত ব্যক্তিরা অগ্নি সংযোগ করেন।
অন্যদিকে একই রাতে জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের সন্ন্যাসীপাড়া গ্রামের তেপথী মোড় এলাকায় অজ্ঞাত ব্যক্তিরা দাহ্য পদার্থ ছিটিয়ে নির্বাচনী ব্যানারে আগুন ধরিয়ে দেয়। এতে ব্যানারটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাটিকে রাজনৈতিক প্রতিহিংসা থেকে সংঘটিত বলে দাবি করেন তিনি।।
এ ঘটনায় রোববার (১ ফেব্রুয়ারি) পঞ্চগড় সদর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজার রহমান বাবু ও তেঁতুলিয়া মডেল থানায় বাংলাবান্ধা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশেদ আলী সরকার পৃথক দুটি সাধারণ ডায়েরী করেন বলে সংসাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলনে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
আরটিভি/এমআই




