
কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতের সংসদ প্রার্থী মুফতি আমির হামজা জীবনে প্রথমবার ভোট দেওয়ার পর ঈদের মতো আনন্দ প্রকাশ করেছেন। শহরের কুষ্টিয়া ইসলামিয়া কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের জানান, ঈদের আনন্দ নিয়ে নির্বাচন হবে, ইনশাআল্লাহ। সবাই যেন স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে, এই প্রত্যাশা করছি। জনগণের রায় আমরা মেনে নেব।
আমির হামজা জানান, সদর আসনে মোট ১৪২টি ভোটকেন্দ্রে তাদের এজেন্ট রয়েছে এবং তিনি সব কেন্দ্রে যাওয়ার চেষ্টা করবেন। তিনি উল্লেখ করেন, এখন পর্যন্ত নির্বাচন সংঘাতমুক্ত ও প্রশাসন নিরপেক্ষ রয়েছে। তবে রাতে কিছু বিচ্ছিন্ন ঘটনার আশঙ্কা থাকায় সেগুলোর পুনরাবৃত্তি না হওয়ার অনুরোধ জানান।
প্রার্থী আরও বলেন, দেশের বিভিন্ন জেলায় জামায়াত প্রার্থীদের বিরুদ্ধে টাকা ও লিফলেট বিতরণের অভিযোগ এসেছে, তবে তিনি এটি বিশ্বাস করেন না এবং বলেন, এগুলো আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র। কোনো দলের পক্ষ থেকেই যেন টাকা ছড়ানো না হয়, সেটিই আমরা চাই।
এ আসনে জয়ের বিষয়ে তিনি শতভাগ আশাবাদী।
এদিকে, বিএনপির সংসদ প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখি ইউনিয়নের কমলাপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার চারটি আসনে মোট ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সদর আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ৬ জন।
কুষ্টিয়ার মোট ভোটার সংখ্যা ৪,৪০,৮৪২ জন, যার মধ্যে পুরুষ ভোটার ২,১৭,২৬৯, মহিলা ভোটার ২,২৩,৫৬৯ এবং ৪ জন তৃতীয় লিঙ্গের ভোটার।আজকের নির্বাচন ও গণভোট সকাল থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সরজমিনে কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে ভোটারদের ভিড় লক্ষ্য করা গেছে, বিশেষ করে নারী ও প্রবীণ ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল।
আরটিভি/এসকে


