বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, এ দেশের এয়ারপোর্টে নামলে প্রবাসীরা যেন সুন্দর ও নিরাপদ পরিবেশ দেখতে পায় সেই ব্যাপারে আমাদের অগ্রাধিকার দিতে হবে। উনারা যেন বুঝতে পারেন আগের থেকে সবকিছুতে একটা ভালো পরিবর্তন এসেছে সেই দিকে আমাদের সবার খেয়াল রাখতে হবে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে মন্ত্রী হবার পর প্রথমবার সরকারি সফরে এসে সার্কিট হাউজ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী চেষ্টা করছেন যাতে সামনে থার্ড টার্মিনাল চালু করা যায়। সে ব্যাপারে তিনি নির্দেশনা দিয়েছেন। আসন্ন হজ্বে হজ্বযাত্রীদের যেন কোনো অসুবিধা না হয় সেটার বিষয়েও আমাদের নজরদাড়ি বাড়াতে হবে।
এ সময় মানিকগঞ্জে আন্তর্জাতিক বিমানবন্দর করার বিষয়ে বিমান মন্ত্রী বলেন, এ প্রস্তাবটা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলাপ করবো। ওনার কাছে প্রস্তাবটা কতটুকু গ্ৰহনযোগ্য, তার ভিত্তিতেই পরবর্তীতে সিদ্ধান্ত জানা যাবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, মানিকগঞ্জ সম্পাদক পরিষদের সভাপতি শহীদুল ইসলাম সুজন,সাধারণ সম্পাদক আকরাম হোসেন, মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিএম খোরশেদ ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটনসহ স্থানীয় গনমাধ্যমকর্মীরা।
আরটিভি/এমআই




