কুমিল্লার লাকসামে সোমবার (৯ মার্চ) রাতে একটি মাদরাসার আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার মিশ্রী এলাকায় অবস্থিত লাকসাম ছালেহিয়া ওয়ালিয়া দ্বীনিয়া মাদরাসায় রাত সোয়া ৮টার দিকে রান্নাঘরের পাশে থাকা একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো কক্ষে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
ঘটনার সময় মাদরাসার আবাসিক শিক্ষার্থীরা মসজিদে তারাবির নামাজে থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ১২৫ ফুট লম্বা টিনশেডের ভবনে ৪৩ জন আবাসিক শিক্ষার্থীর থাকার ব্যবস্থা ছিল।
মাদরাসার মুহতামিম মোহাম্মদ উল্লাহ ও প্রতিষ্ঠাতা সম্পাদক মো. জাহিদুল মাওলা চৌধুরী হেলাল জানিয়েছেন, কোনো প্রাণহানি না হলেও আগুনে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ কবিরুল ইসলাম বলেন, খবর পাওয়ার কয়েক মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২০–২৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরটিভি/এসকে





