খাগড়াছড়ির রামগড়ে আগুন লেগে ‘কলাবাড়ী উচ্চ বিদ্যালয়’ নামে একটি বেসরকারি মাধ্যমিক স্কুল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে টিনশেডের পুরো স্কুলঘর, আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের টিনশেড ভবনের পশ্চিম পাশে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। অল্প সময়ের ব্যবধানে পুরো স্কুলঘর আগুনে পুড়ে যায়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল কাদের জানান, আগুনে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, শিক্ষকদের অফিস কক্ষসহ সকল আসবাবপত্র, কম্পিউটার, আইপিএস ও প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী সম্পূর্ণরূপে পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, রোববার এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছিল, কিন্তু আগুনে সব পরিকল্পনা ভেস্তে যায়।
তিনি আরও বলেন, ২০২২ সালে তৎকালীন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস ও রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার ইফতেখার উদ্দিন আরাফাতের উদ্যোগে দুর্গম পাতাছড়া ইউনিয়নের কালাবাড়ী এলাকায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বর্তমান রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তারা পৌঁছানোর আগেই বিদ্যালয়টি সম্পূর্ণরূপে পুড়ে যায়। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত করা হবে বলে তিনি উল্লেখ করেন।
রামগড় ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ বিশ্বান্তর বিকাশ বড়ুয়া বলেন, খবর পেয়ে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আরটিভি/টিআর




