গরুর হাটের ইজারা নিয়ে তুমুল মারামারি, টেটাবিদ্ধসহ আহত ১২

মুন্সিগঞ্জ (পশ্চিম) প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২২ মে ২০২৬ , ০২:৫৫ পিএম


গরুর হাটের ইজারা নিয়ে তুমুল মারামারি, টেটাবিদ্ধসহ আহত ১২

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বালুচর গরুর হাটের ইজারা, বাজারের বণিক সমিতির নির্বাচন ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে টেটাবিদ্ধ হয়ে তিনজনসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।

শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার বালুচর ইউনিয়নের চর জসীমউদ্দিন ও বালুচর ব্রিজ সংলগ্ন এলাকায় এ সংঘর্ষ হয়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গরুর হাটের ইজারা ও আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে শহীদ বাউল গ্রুপ এবং খোকন সরকার-সংশ্লিষ্ট পক্ষ (মোক্তার হোসেন ও সুরুজ্জামান সরকার গ্রুপ) এর মধ্যে বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

সংঘর্ষে শাকিল সরকার (২৭), আসফাক সরকার (৪৮) ও হৃদয় সরকার (২৫) টেটাবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া আরও অন্তত ৭-৯ জন আহত হয়ে স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন

বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলাদ হোসেন বলেন, মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। কয়েকজন আহত হয়েছেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, গরুর হাটের ইজারা ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission