যাত্রী সেজে ভ্যানচালককে গলা কেটে হত্যা

আরটিভি নিউজ

রোববার, ০৫ জুলাই ২০২৬ , ১০:২১ এএম


যাত্রী সেজে ভ্যানচালককে গলা কেটে হত্যা
প্রতীকী ছবি

খুলনায় ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (৪ জুলাই) রাত ৯টার দিকে দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের মোল্লাডাঙ্গা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সমির ভট্ট (৪০) উপজেলার গাজীরহাট ইউনিয়নের কেটলা গ্রামের রবিন ভট্টের ছেলে ও পেশায় একজন ভ্যানচালক ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার রাতে সমির ভ্যানে যাত্রী নিয়ে মোল্লাডাঙা সড়ক দিয়ে বারাসাতের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে যাত্রীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে রাস্তায় ফেলে রেখে যায়।

এ সময় সমিরের গোঙানির শব্দে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করেন। তবে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন

মাঝিরগাতী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) জামিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কাজ শুরু করেছে।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডস্থলের কিছু দূর থেকে সমিরের ভ্যানটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে সমির নামে এক ভ্যানচালকের মরদেহ পড়ে থাকার খবর পান তারা। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে। একইসঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission