কুমিল্লায় ৫০০ বা ১ হাজার শয্যার হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন।
শনিবার (৪ জুলাই) কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লার উন্নয়ন অগ্রগতি ও পরিকল্পনা বাস্তবায়নবিষয়ক নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি সরকার গঠনের পর ইতোমধ্যে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। ঢাকার সঙ্গে সরাসরি রেল যোগাযোগ স্থাপনের জন্য ঢাকা-কুমিল্লা রেল কর্ডলাইন স্থাপনের প্রস্তাব পাস হয়েছে। কুমিল্লায় ৫০০ বা ১ হাজার শয্যার হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা চলছে। এসব বিষয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বলেছেন, কুমিল্লার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
মন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় এলেই কুমিল্লার উন্নয়ন ত্বরান্বিত হয়। এবারও উন্নয়ন হবে। একটি বিভাগীয় শহরে যেসব সুযোগ-সুবিধা থাকে, কুমিল্লায় তার চেয়েও বেশি উন্নয়ন নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি।
আরটিভি/টিআর




