
নোয়াখালীর দ্বীপ উপজেলায় স্থানীয় এক আওয়ামী লীগ কর্মী মো. মিরাজ উদ্দিনের বাড়িতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে মিরাজের ছেলে মো. নিরব উদ্দিন (১০) গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় মিরাজসহ অপর ৫ জন আহত হয়েছেন।
সোমবার সকালে নিহত নিরবের চাচা রাশেদুল ইসলাম নান্টু সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়ে তার ভাতিজা নিরবের নিহত হওয়ার বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন। এঘটনায় আহতরা হলেন, মিরাজ উদ্দিন, রাশেদুল ইসলাম নান্টু, শাহাদাত হোসেনসহ ৫ জন।
--------------------------------------------------------
আরও পড়ুন : উন্নয়নের খোঁজ নিতে ১৫০ কিলোমিটার হাঁটবেন এমপি
--------------------------------------------------------
এর আগে রোববার রাত ১২টার দিকে গুলিবিদ্ধ নিরবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার সময় তার মৃত্যু হয়।
হাতিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের খবির মিয়া বাজার এলাকায় আওয়ামী লীগ কর্মী মো. মিরাজ উদ্দিনের বাড়ি। নিহত নিরব উদ্দিন স্থানীয় রহমানিয়া ফাজিল মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্র।
আহত মিরাজ উদ্দিন বলেন, পূর্ব শত্রুতার জের ধরে আমার বাড়িতে সন্ত্রাসীরা রোববার রাতে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় তারা এলোপাথাড়ি গুলি ছুঁড়ে। এতে আমার ভাই মিরাজ উদ্দিন ও আমার ছেলে নিরব উদ্দিন গুলিবিদ্ধ হয়। আমিসহ আরও ৪ জনকে কুপিয়ে জখম করে।
হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান শিকদার আরটিভি অনলাইনকে জানান, সন্ত্রাসী হামলার ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা মিরাজ ও তার ছেলে নিরব গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ নিরবকে নোয়াখালী নেয়ার পথে তার মৃত্যু হয়। নীরবের মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ দাফন করা হবে। হামলাকারীদের ধরতে অভিযান চলছে।
এসএস



