
নিখোঁজ হওয়ার প্রায় এক মাস পর সন্ধান মিলেছে হিল উইমেন্স ফেডারেশনের দুই নেত্রী মন্টি চাকমা ও দয়াসোনার।
ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা জানিয়েছেন বৃহস্পতিবার রাত পৌনে আটটায় খাগড়াছড়ি শহরের এপিবিএন স্কুল গেইটের সামনে দুই নেত্রীকে অপহরণকারীরা রেখে যায়। তাদেরকে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ছাড়া পাওয়ার পর তারা অভিভাবকদের সঙ্গে বাড়ির পথে রওনা দিয়েছেন বলেও জানান তিনি।
নিখোঁজ হওয়া মন্টি চাকমা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও দয়াসোনা চাকমা জেলা কমিটির সাধারণ সম্পাদক।
মুক্তি পাওয়ার বিষয়টি মন্টি চাকমার বড় ভাই সুভাষ চাকমাও নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু বলতে চাননি তিনি।
গত ১৮ মার্চ সকালে রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি এলাকায় ইউপিডিএফের একটি মেসে সশস্ত্র হামলা চালিয়ে তাদের অপহরণ করা হয়েছে বলে সংগঠনটির জেলা সংগঠক সচল চাকমা এক বিবৃতিতে জানিয়েছিলেন।
এ ঘটনায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) সহ-সভাপতি নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান শক্তিমান চাকমাও ইউপিডিএফ-গণতান্ত্রিকের সভাপতি তপন জ্যোতি চাকমাসহ ১৯ জনকে আসামি রাঙামাটি কোতোয়ালি থানায় মামলা করেন দয়াসোনা চাকমার বাবা বৃষধন চাকমা।
এ ঘটনায় ইউপিডিএফ ভেঙে গঠিত হওয়া ‘ইউপিডিএফ-গণতান্ত্রিককে’দায়ী করে ইউপিডিএফ। তবে ইউপিডিএফ (গণতান্ত্রিক) বরাবরই অভিযোগ অস্বীকার করে আসছিল।
হিল উইমেন্স ফেডারেশনের দুই নেত্রীর মুক্তির খবর জানেন না জানিয়ে রাঙামাটির পুলিশ সুপার আলমগীর কবীর বলেন, আমরা আপনাদের মাধ্যমেই খবর পেলাম। এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছি।
জেবি/জেএইচ



