পাবনার চাটমোহর পৌর সদরের জিরো পয়েন্ট এলাকায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে নয়ন হালদার (২৪) নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৪ আগস্ট) রাত আটটার দিকে তাকে আটক করে থানা পুলিশ। পরে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর আদালতে হাজির করলে আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।
এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পার্শ্ববর্তী ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনীষা গ্রামের নয়ন হালদার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থীদের অশালীন অঙ্গভঙ্গি, শব্দচয়ন ও ব্যাগ টেনে ধরে টিজিং করতেন। পরে এলাকাবাসীর সহযোগিতায় অভিযুক্তকে থানা পুলিশ তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। আদালতের শাস্তি প্রদান শেষে আসামিকে পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে।
আরটিভি/এমএইচজে




