
কুড়িগ্রামের রাজারহাটে বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবেল মিয়া (২৬) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
সোমবার (১০ আগস্ট) দুপুরে জেলার রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের পূর্বদেবত্তর গ্রামের বুড়িদাহ বিলে এ ঘটনা ঘটে। নিহত রুবেল মিয়া উপজেলা সদরের হরিশ্বর তালুক গ্রামের রশিদ মোল্লার ছেলে।
আহতরা হলেন- মোজাম্মেল হক (২৮), আব্দুর রহমান (৩২) এবং আমিনুল ইসলাম (১৯)। তাদের সবার বাড়ি হরিশ্বর তালুক গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এ দিন দুপুরে কয়েকজন জেলে বুড়িদাহ নদীতে মাছ ধরতে যান। সেখানে পূর্ব থেকে বৈদ্যুতিক খুঁটি ভেঙে পুরো এলাকা বিদ্যুতায়িত হয়ে পড়ে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করেন। এতে রুবেল মিয়ার মৃত্যু হয়।
জেলেদের অভিযোগ বুড়িদাহ নদী কর্তৃপক্ষের হেয়ালিপনার কারণে নদীতে থাকা বৈদ্যুতিক সংযোগ বন্ধ না করার কারণে এই ঘটনা ঘটে। তারা জড়িতদের বিচার দাবি করেন।
রাজারহাট থানার এসআই আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে আছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এমএম




