
ভূগর্ভস্থ ক্যাবলের জরুরি মেরামত, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণকাজের কারণে শনিবার (১৫ আগস্ট) দেশের কয়েকটি এলাকায় কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ (নাটোর পবিস-২) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি রক্ষণাবেক্ষণকাজের জন্য শনিবার সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত বাঘা বাজার, মুর্শিদপুর, উত্তর মিলিকবাঘা, বানিয়াপাড়া আংশিক ও গাওপাড়া আংশিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আড়ানী রোড চত্বরের পোল নম্বর BA-5E-58 থেকে বানিয়াপাড়ার পোল নম্বর BA-5E-80 পর্যন্ত এলাকায় এ কার্যক্রম চলবে।
এদিকে সুনামগঞ্জেও শনিবার টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সুনামগঞ্জের ৩৩/১১ কেভি জিআইএস সাব-স্টেশনের আন্ডারগ্রাউন্ড ক্যাবলের জরুরি মেরামত ও সংরক্ষণকাজের জন্য সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শহর ও শহরতলি এলাকার সব গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে।
বিউবোর ফেসবুক পেজে বিজ্ঞপ্তি প্রকাশের পাশাপাশি শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করে গ্রাহকদের বিষয়টি জানানো হয়েছে।
সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ।
আরটিভি/এসকে


