
লক্ষ্মীপুরে সদরে সম্পত্তি ও টাকার জন্য মোজাম্মেল হোসেন সেলিম (৭৩) নামে এক ব্যক্তি ও তার স্ত্রী বেবি আক্তারকে মারধরের অভিযোগ উঠেছে তাদের ছোট ছেলের জাকির হোসেনের বিরুদ্ধে।
এ ঘটনায় শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় বেবি আক্তার সদর মডেল থানায় জাকিরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগী সেলিম পেশায় শিক্ষক ছিলেন। তিনি শহরের উত্তর তেমুহনী এলাকার মাস্টার মার্কেটের পঞ্চম তলায় বসবাস করেন।
জানা গেছে, সেলিমের প্রথম স্ত্রী দুই ছেলে ও এক মেয়ে রেখে অসুস্থ হয়ে মারা যান। পরে তিনি তার দুই ছেলেকে বাড়িতে ভবন নির্মাণ করে দেন। সেখানে তারা বসবাস করেন। বৃদ্ধ বয়সে ছেলে এবং তাদের পরিবারের সদস্যরা তাকে দেখভাল না করায় তিনি দ্বিতীয় বিয়ে করেন। তবে ছেলে-মেয়েদের মতামত না থাকায় ওই সংসার টেকেনি। পরে বেবি আক্তারকে বিয়ে করেন তিনি।
অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার সকালে জাকির বাসায় গিয়ে বাবার কাছে ২০ হাজার টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় তিনি অকথ্য ভাষায় গালমন্দ করেন। এতে বেবি প্রতিবাদ করলে তাকে মারধর করেন জাকির। একপর্যায়ে বাবাকেও মারধর করে তিনি। পরে সেলিম ও বেবি সদর হাসপাতালে চিকিৎসা নেন।
বেবি আক্তার বলেন, জাকিরসহ তার ভাই-বোন এসে তাদের বাবাকে মারধরসহ মানসিক নির্যাতন করে। তারা আমাকেও মারধর করে। তারা চায় আমি যেন বৃদ্ধ মানুষটাকে ছেড়ে চলে যাই। অসুস্থ লোকটি মারা গেলে তারা সম্পত্তির মালিক হবে- সেই সুযোগে রয়েছে তারা।
মোজাম্মেল হোসেন সেলিম বলেন, আমার দুই ছেলেকে পুরাতন বাড়িতে ঘর করে দিয়েছি। সেখানে তারা থাকে। আমি মাস্টার ভবনের ভাড়া তুলে ওষুধ খরচ এবং নিজের সংসার চালাই। কিন্তু আমার ছেলেরা প্রতিনিয়ত আমাকে টাকার জন্য মানসিক নির্যাতন করে আসছে। আমার স্ত্রীকে মারধর করে। জাকিরকে চট্টগ্রামে চাকরির জন্য ৭ লাখ টাকা দেই। কিন্তু সে চাকরি ছেড়ে বাড়িতে চলে এসে বখাটেপনা করে। সে মাদকসেবী। মাদক সেবন করে আমার কাছে এসে টাকা দাবি করে। না দিলে গালমন্দ করে। আমি আমার স্ত্রীকে নিয়ে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। এজন্য থানায় অভিযোগ দিয়েছে।
এ ব্যাপার চেষ্টা করেও জাকির হোসেনের বক্তব্য জানা যায়নি। তবে তার ঘনিষ্ঠজনের দাবি, টাকা-পয়সা দাবি করা হলেও, জাকির তার বাবাকে মারধর করেননি।
লক্ষ্মীপুর সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জিয়াউর রহমান বলেন, ঘটনাটি পারিবারিক। উভয়কে নিয়েই বসেছি, বিষয়টি সমাধানযোগ্য। তাদেরকে বুধবার (১৯ আগস্ট) বৈঠকের জন্য ডাকা হয়েছে।
আরটিভি/এমএইচজে




