
গাজীপুরের কালিয়াকৈরে অভিযান চালিয়ে ১ হাজার ৫০ পিস (১০৫ গ্রাম) ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে মাদক মামলায় আসামিদের গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার (২৪ আগস্ট) রাতে উপজেলার হিজলহাটি এলাকায় পলমল গার্মেন্টসের গেটের সামনে পাকা সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- রংপুর সদর থানার নুনীতারী হরকলি এলাকার মো. সেলিম মিয়া (২৬), হিজলহাটি এলাকার মো. সেলিম মিয়ার স্ত্রী রিনা বেগম (৪০) এবং একই এলাকার মো. রবিউল ইসলাম (২৩)।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে স্থানীয় থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসানের নেতৃত্বে চৌকস পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে রাত পৌনে ১০টার দিকে পলমল গার্মেন্টসের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তল্লাশি চালিয়ে সেলিম মিয়ার কাছ থেকে ৪৫০ পিস, রিনা বেগমের কাছ থেকে ৪০০ পিস এবং রবিউল ইসলামের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ১৫ হাজার টাকা।
মামলার তদন্তকারী এসআই আবুল হাসান জানান, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১০(খ) অনুযায়ী মামলা করা হয়েছে।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম পিপিএম বার বলেন, কালিয়াকৈর উপজেলা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। মাদকের এ অভিযান অব্যাহত থাকবে।
আরটিভি/এমএইচজে


