
রাজবাড়ীর পাংশায় ইয়াবাসহ কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের দুই সংরক্ষিত নারী ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ১১টার দিকে রাজবাড়ী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, জেলা গোয়েন্দা শাখার এসআই শিমুল শেখসহ সঙ্গীয় সদস্যরা মঙ্গলবার বিকেলে রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় পাংশা পৌরসভার কলেজ রোডের ‘উড ওয়ার্ড ফার্নিচার’ দোকানের সামনে থেকে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন কালুখালীর মোহনপুর এলাকার আব্দুল মান্নান মন্ডলের স্ত্রী মোছা. হামিদা খাতুন (৪৭) ও চর কুলটিয়া এলাকার কদর আলী মন্ডলের স্ত্রী সাজেদা বেগম (৪০)।
হামিদা খাতুন মাজবাড়ী ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য। অন্যদিকে সাজেদা বেগম একই ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য।
জানা গেছে, গ্রেপ্তার দুজন কালুখালী যুব মহিলা লীগের নেত্রী। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন।
মাজবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম জানান, তার পরিষদের দুই নারী সদস্য ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন বলে তিনি শুনেছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি।
আরটিভি/আইএম




