
খুলনায় কাজীবাছা নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে বটিয়াঘাটা উপজেলার গোপালখালী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে নদীর পশ্চিম তীরে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরবর্তীকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে রূপসা নৌ পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে রূপসা নৌ ফাঁড়ির ইনচার্জ মো. আবুল খায়ের গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে মরদেহটি তিন-চার দিন আগের হওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে পরিচয় শনাক্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) বিশেষজ্ঞ দলকে তলব করা হয়।
তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের নাম-পরিচয় শনাক্ত এবং মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
আরটিভি/আইএম




