
লক্ষ্মীপুরের রায়পুরে মাদকাসক্ত যুবকের দেওয়া আগুনে মালামালসহ ২৪ কক্ষের ৬টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এদিকে আগুন লাগানো যুবক সোহেল হোসেনকে স্থানীয়রা গণপিটুনি দেয়। পরে অচেতন অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে কি কারণে সোহেল তার নিজের ঘরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়, তা জানা যায়নি। ওই যুবক নিজ ঘরে আগুন লাগালেও তাৎক্ষণিকভাবে আগুন ছড়িয়ে পড়ে অন্য ঘরগুলোও পুড়ে ছাই হয়ে যায়।
অভিযুক্ত সোহেল সোনাপুর এলাকার মৃত মো. রফিকের ছেলে। সে চিহ্নিত মাদকসেবী বলে জানিয়েছে থানা পুলিশ।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, সোহেল নামে এক মাদকাসক্ত যুবক ঘটনার সময় তাদের ঘরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। তাৎক্ষণিক আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। ৯৯৯ নম্বরে কল পেয়ে রায়পুর ও সদরের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই ২৪টি কক্ষের ৬টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
আগুন দেওয়ার ঘটনায় সোহেলকে মারধর করে স্থানীয়রা। পরে পুলিশ এসে সোহেলকে অচেতন অবস্থায় উদ্ধার করে।
রায়পুর উপজেলা ফায়াসার্ভিস কার্যালয়ের লিডার সৈয়দ আহম্মদ বলেন, আগুনে মালামালসহ ২৪ কক্ষের ৬টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে রায়পুরের দুটি ও লক্ষ্মীপুরের একটি ইউনিটসহ তিনটি ইউনিট কাজ করেছে। আগুনে পুড়ে অন্তত ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, মাদকাসক্ত যুবক সোহেল ঘরগুলোতে আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। আমরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি। তার সঙ্গে কথা বললে ঘটনার বিস্তারিত জানা যাবে।
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার বলেন, ঘটনাটি দুঃখজনক। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগীদের সহযোগিতা করা হবে।
আরটিভি/আইএম




