
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল করেছে মহানগর যুবলীগের নেতাকর্মীরা।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর ভদ্রা স্মৃতি অম্লান চত্বর থেকে মিছিলটি বের করা হয়। পরে মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিলে মহানগর ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটনের নির্দেশনায় এবং রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি মনিরুজ্জামান খান মনি ও সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনির সার্বিক সহযোগিতায় মিছিলটি করা হয় বলে ফেসবুকসহ অন্যান্য সামাজিক মাধ্যমে প্রচার করা হয়।
এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার গাজীউর রহমান জানান, মিছিলের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
আরটিভি/আইএম




