
কুমিল্লার দেবিদ্বারে পূবালী ব্যাংকের শাখায় টাকা গোনার সময় এক গ্রাহকের ৪ লাখ টাকা চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে দেবিদ্বার পূবালী ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী গ্রাহক মো. জাকির হোসেন দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুর গ্রামের চানমিয়া সরকার বাড়ির বাসিন্দা।
জানা গেছে, নিজ প্রয়োজনে ব্যাংক থেকে ৭ লাখ টাকা উত্তোলন করেন জাকির হোসেন। টাকা নিয়ে তিনি ব্যাংকের ভেতরের একটি সোফায় বসে স্ত্রী আয়েশা আক্তার ও পুত্রবধূ পলি আক্তারকে সঙ্গে নিয়ে টাকা গুনছিলেন। প্রথমে এক হাজার টাকার চারটি বান্ডেল গুনে পেছনে রাখেন। পরে বাকি টাকা গোনার সময় পাশে বসা এক ব্যক্তি কৌশলে ওই চারটি বান্ডেল নিয়ে চলে যান বলে অভিযোগ করেন তিনি।
টাকা গোনা শেষে হিসাব না মেলায় জাকির হোসেন ও তার পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। পরে ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজ দেখে পাশে বসা ব্যক্তির বিরুদ্ধে টাকা চুরির অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় রোববার রাতেই জাকির হোসেন বাদী হয়ে দেবিদ্বার থানায় অভিযোগ দেন।
দেবিদ্বার পূবালী ব্যাংক শাখার ব্যবস্থাপক মো. ওয়ায়েছ মাসুম চৌধূরী বলেন, একজন গ্রাহক টাকা উত্তোলন করে গণনায় ব্যস্ত ছিলেন। টাকা গুনে গুনে পেছনে রাখছেন, অথচ ডান-বামে লক্ষ্য করছেন না। এ সুযোগে প্রতারক চক্রের সদস্য কৌশলে ৪ লাখ টাকার চারটি বান্ডেল নিয়ে চলে যায়।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি, সঙ্গে সিসি ক্যামেরার ফুটেজও পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এসকে




