
জামালপুরের মাদারগঞ্জে মোটরসাইকেল ও দুটি ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ওমর সানি (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হাওয়াই ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওমর সানি উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ এলাকার সবুজ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে প্রেমের সম্পর্কের কারণে ময়মনসিংহে বিয়ে করেছিল ওমর সানি। সোমবার দুপুরে স্ত্রীকে ময়মনসিংহে রেখে তিনি বাড়িতে ফেরেন। বিকেলে উপজেলার হাওয়াই ব্রিজ এলাকায় দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় ওমর সানির মোটরসাইকেলের সঙ্গে দুটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান। পরে সন্ধ্যার দিকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, খবর পেয়ে নিহত ওমর সানির বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরটিভি/এমএইচজে


