
কক্সবাজার শহরের একটি বসতঘরের খাটের বক্স থেকে ৯০ হাজার ইয়াবা ও ৩৫ লাখ ২০ হাজার ৮০০ টাকা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া এক কিশোরকে (১৬) হেফাজতে নেওয়া হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজার পাওয়ার হাউসসংলগ্ন উত্তর হাজীপাড়া কবরস্থান গেটের সামনের একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে এসব ইয়াবা ও টাকা উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- টেকনাফের পশ্চিম পানখালী এলাকার আশিক মোমেন (২৩) এবং তার স্ত্রী সাদিয়া ফারহানা (২৩)। হেফাজতে নেওয়া কিশোরের বাড়িও টেকনাফে। তারা তিনজনই উত্তর হাজীপাড়ার একটি ভাড়া বাসায় থাকতেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মন্ডল গণমাধ্যমকে অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। আশিক মোমেনের থাকার ঘরের একটি কক্ষের কাঠের তৈরি খাটের বক্সের ভেতরে বিশেষ কায়দায় ইয়াবাগুলো লুকিয়ে রাখা হয়েছিল। সেখান থেকে ৯০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা বিক্রির ৩৫ লাখ ২০ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে। অভিযানে তিনটি মুঠোফোনও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় বিকেলে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এর সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
আরটিভি/এমএইচজে


