
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ইয়াবাসহ আটকের পর স্থানীয় এক ব্যক্তিকে কামড় দিয়ে পালিয়ে হাসপাতালে বেনামে চিকিৎসা নিতে গিয়ে এক মাদককারবারি গ্রেপ্তার হয়েছেন। এ সময় তার সহযোগীসহ ৭৬ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- গছিডাঙ্গা এলাকার শামিম মিয়া (৩২) এবং মেহেদী হাসান (১৯)।
পুলিশ জানায়, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় গছিডাঙা একটি ইটভাটায় মাদক ক্রয়-বিক্রয় ও সেবনের প্রস্তুতিকালে স্থানীয় সচেতন জনতার সহায়তায় দুইজনকে আটক করা হয়। এ সময় শামিম মিয়া স্থানীয় এক ব্যক্তিকে কামড় দিয়ে পালিয়ে যান। পালানোর সময় তিনি নিজেও পায়ে আঘাত পান এবং পরিচয় গোপন করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার চেষ্টা করেন।
খবর পেয়ে পুলিশ উপজেলার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে তল্লাশি চালায়। পরে সদর উপজেলা হাসপাতালে বেনামে চিকিৎসাধীন অবস্থায় শামিম মিয়াকে গ্রেপ্তার করা হয়।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, গ্রেপ্তার দুইজন পরিবহন শ্রমিকের ছদ্মবেশে ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত। বিশেষ করে সোনাহাট স্থলবন্দরকেন্দ্রিক এলাকায় মাদক কারবার চালিয়ে আসছিলেন। মাদক দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
আরটিভি/এমএইচজে



