
কিশোরগঞ্জের মিঠামইনে পুকুরে গোসল করতে নেমে জয়ন্ত নম মন্ডল (৭) ও হাফিজা আক্তার (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গোপদিঘী ইউনিয়নের দক্ষিণ গোপদিঘী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জয়ন্ত নম মন্ডল দক্ষিণ গোপদিঘী এলাকার জুয়েল মন্ডলের ছেলে এবং হাফিজা আক্তার একই এলাকার আব্দুল কাদিরের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে একসঙ্গে গোসল করতে নামে জয়ন্ত নম মন্ডল ও হাফিজা আক্তার। গোসলের একপর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে দুই শিশু পুকুরের পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন শিশুদুটিকে দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে জয়ন্ত নম মন্ডলের দাদা আনন্দ মন্ডল পুকুরের পানিতে প্রথমে হাফিজা আক্তারকে ভাসতে দেখতে পান। পরে কিছু দূরে জয়ন্ত নম মন্ডলকেও পানিতে ভাসতে দেখা যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় দ্রুত দুই শিশুকে পুকুর থেকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার মোহাম্মদ বলেন, পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরটিভি/এমএইচজে




